Published : 31 Oct 2023, 08:06 PM
ভাষাগত দক্ষতার কারণে দেশের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তাই উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি ভাষার দক্ষতায়ও এগিয়ে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, “অন্য দেশের গ্র্যাজুয়েটদের সাথে আমাদের দেশের গ্র্যাজুয়েটদের তুলনা করলে দেখা যাবে যে, একটা বড় দুর্বলতার জায়গা চিহ্নিত হয়। আর সেটা হচ্ছে ভাষা। ভাষার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়েটরা অনেক পিছিয়ে রয়েছে।
“আমরা ইংরেজি ভাষায় অ্যাকাডেমিক কাজগুলো করি সেটা ঠিক। কিন্তু ইংরেজি ভাষাকে ব্যবহার করে সেটাকে যোগাযোগের মাধ্যম বা কমিউনিকেশন টুল হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের দক্ষতার ঘাটতি আছে।”

ভাষাগত দক্ষতার কারণে প্রতিবেশী দেশগুলোর গ্র্যাজুয়েটরা পৃথিবীর নানা দেশে চাকরি পাচ্ছেন উল্লেখ করে নওফেল বলেন, “যেকোনো বয়সে যেকোনো বিষয়ে আমি পড়াশোনা করি না কেন এই ভাষাগত জায়গায় আমাদের বেশি দখল নিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। শুধু অনার্স-মাস্টার্স ইংরেজিতে থাকলে হবে না। দেখা যাচ্ছে, সেটা থাকলেও ভাষাগত যে দক্ষতা, তাতে আমাদের কমতি আছে।
“বাংলা ভাষার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ভাষার দিকে জোর দিতে হবে। এছাড়া দক্ষতা ও মূল্যবোধের দিকে গুরুত্ব দিতে হবে তাহলেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন।”
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে ২০১২ থেকে ফল সেমিস্টার ২০২০ পর্যন্ত ৭ হাজার ৫৫৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়।
এছাড়াও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য একজন শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও আটজন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক কাজী খলিকুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আলিম দাদ প্রমুখ।