১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লোক-আধুনিক গানে চৈত্র সংক্রান্তি উদযাপন

দ্বিতীয় বারের মতো এ উৎসবের আায়োজন করে উন্মুক্ত লাইব্রেরি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 12:46 AM

Updated : 14 Apr 2023, 12:46 AM

বাংলা বছরের শেষ দিন লোক ও আধুনিক গানের আয়োজন করে চৈত্র সংক্রান্তি উৎসব-১৪২৯ উদযাপন করেছে উন্মুক্ত লাইব্রেরি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন ফটকের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে গান পরিবেশন করে ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’, ‘আপন ঘর’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি নতুন ব্যান্ড ‘লৌকিক’। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদী হাসান ও সালমান গান পরিবেশন করে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ডাকসুর তৎকালীন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ‘উন্মুক্ত লাইব্রেরি’।

প্রতিষ্ঠার পর থেকে এ লাইব্রেরি বাঙলা ও বাঙালি সংস্কৃতির বিশেষ দিবসে নানা ধরনের আয়োজন করে থাকে৷ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো চৈত্র সংক্রান্তি উৎসবের আায়োজন করে উন্মুক্ত লাইব্রেরি।

এ আয়োজন সম্পর্কে তানভীর হাসান সৈকত বলেন, “চৈত্র সংক্রান্তি বাঙালির লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চৈত্র সংক্রান্তিকে ঘিরে এক সময় পালা-পার্বন কিংবা হালখাতার উৎসব হত। কিন্তু বর্তমানে একটা শ্রেণি আমাদের সংস্কৃতিকে ধর্মের সাথে সাংর্ঘষিক হিসেবে দেখাতে চায়।

“তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো- এই উৎসব কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বাঙালি সংস্কৃতির দিক থেকে আমরা এটি পালন করছি এবং এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য। আমরা চাই- চৈত্র সংক্রান্তির মাধ্যমে আমাদের বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা লালিত হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্মুক্ত লাইব্রেরি কার্যকরী কমিটির সভাপতি সজিব তালুকদার, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ।