Published : 01 Mar 2024, 09:56 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর সীমানা দেয়ালের ভেতরে নবজাতকের লাশ ফেলে যাওয়া ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সিসি ক্যামেরার ভিডিও দেখে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সী সুলতান মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্ধারে।
শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে থানায় নিয়ে এসেছি কথা বলার জন্য। কথা বলে জানতে পারলাম, এটা তার নিজের সন্তান। মৃত অবস্থায় সন্তানটি জন্মগ্রহণ করেছে। কোথাও ফেলার জায়গা না পেয়ে বদ্ধ জায়গা মনে করে সেখানে ( উপাচার্য বাংলোর সীমানায়) ফেলে গেছে।
“নবজাতকের মরদেহ পাওয়ার পর পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। অপমৃত্যুর মামলায় তো কাউকে গ্রেপ্তার করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি পদক্ষেপ নিলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে। যদি মামলা করতে হয়, তাহলে আগামীকাল মামলা করা হবে।” বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের স্টাফ কোয়ার্টার সংলগ্ন উপাচার্য ভবনের সীমানার দেয়ালের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি উপাচার্য ভবনের বাইরের রাস্তা দিয়ে যাওয়ার সময় রিকশা থেকে নেমে মরদেহটি ছুড়ে দিয়ে পালিয়ে যান। মরদেহটি একটি ব্যাগে ভরা ছিল।
পরে উপাচার্যের বাসভবনের পরিচ্ছন্নতাকর্মীরা ব্যাগটি দেখতে পেয়ে বিষয়টি বাসভবনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হককে জানান। মোজাম্মেল হক শাহবাগ থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।