Published : 29 Feb 2024, 06:18 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর সীমানার ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন বাংলোর দেয়ালের ভেতর থেকে লাশটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।
পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে শাহবাগ থানা পুলিশ একটি নবজাতকের মরদেহ নিয়ে আসে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
উপাচার্য বাংলোর তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক বলেন, “আজকে দুপুর সোয়া ১২ টার দিকে দেওয়ালের অপর পাশ থেকে শপিং ব্যাগ ভর্তি কিছু একটা বাংলোর ভেতর ছুড়ে ফেলা হয়। উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীরা শব্দ পেয়ে এগিয়ে আসেন। তারা ভয় পান যে, বোমা বা অন্য কিছু কি না।
“পরে লাঠি দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। এরপর তারা আমাকে খবর দেয়। আমি গিয়ে দেখি নবজাতকের বীভৎস অবস্থা। দেখার মতো না। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে গেছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে লোকটি এখানে ব্যাগটা ফেলে গেছে, আমরা সিসিটিভির ফুটেজ চেক করে তাকে শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, "আমাদের প্রক্টর সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছেন লোকটা ঢাকা মেডিকেল থেকে জগন্নাথ হল হয়ে এদিকে এসে ব্যাগটা ফেলে গেছে। সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। উনারা আইনি পদক্ষেপ নেবেন।"