প্লাস্টিকের বোতল ও পলিথিনের বিনিময়ে গাছের চারা
প্লাস্টিক বর্জ্য নিয়ে সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা দিতে এমন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
ক্যাম্পাসে পড়ে থাকা প্লাস্টিকের বোতল কিংবা পলিথিন জমা দিলেই বিনিময়ে গাছের চারা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এভাবে গাছের চারা বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আয়োজকরা বলছেন, ২৫ প্রজাতির ৫০০টি চারা বিতরণ করেন তারা। ফুল, ফল, ঔষধি ও বিভিন্ন ধরনের শোভাবর্ধক গাছও বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আলাওল হল থেকে গাছ সংগ্রহ করতে আসা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রশান্ত কুমার বলেন, “প্রতিদিনই পানির বোতলসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য জমে। এগুলো অনেক সময় যেখানে-সেখানে ফেলে দেওয়া হয়। এমন উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক জমা দিয়ে গাছ নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় ভালো লাগছে।”
প্রশান্ত বলেন, “আমি তিনটি চারা নিয়েছি। এগুলো হলের বারান্দায় লাগাব।”
২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী নাফিসা কামাল বলেন, “ক্লাস শেষ করে শাটল ট্রেন ধরতে যাচ্ছিলাম। হাতে একটি প্লাস্টিকের বোতল ছিল। পথে প্লাস্টিকের বিনিময়ে গাছ দেওয়ার কর্মসূচি দেখে বোতলটি দিয়ে একটি রঙ্গন গাছের চারা নিয়েছি। চারাটি আমার বাগানে লাগাব।”
চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্লাস্টিক বর্জ্য নিয়ে সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
