জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ৩০ জানুয়ারি
“এবার পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা,” বলেছেন উপাচার্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন সোমবার দুপুরে ফেইসবুকে নিজের আইডিতে সমাবর্তনের তারিখ ঘোষণা করেন।
তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। এবার পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা।”
এ তারিখে সমাবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর থেকেও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠার ১৪ বছর পর ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়। পুরান ঢাকার ধূপখোলা মাঠে ওই সমাবর্তনে উপস্থিত ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই সমাবর্তনে ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
এরপর দ্বিতীয় সমাবর্তন নিয়ে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে সেটি হয়নি। সবকিছু ঠিক থাকলে প্রথম সমাবর্তনের সাত বছর পর হতে চলেছে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন।
