২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআইইউবিতে ন্যানোটেকনোলজি দিবস উদযাপিত

অনুষ্ঠানে এআইইউবির অধ্যাপক ড. মো তোফাজ্জল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 07:41 PM

Updated : 24 Oct 2022, 07:41 PM

ন্যানোটেকনোলজি দিবস উদযাপন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন ও চিকিৎসা সেবায় ন্যানোটেকনোলজির ব্যবহার’।

বুধবার দ্যা সেন্টার ফর ন্যানোটেকনোলজি রিসার্চ অব ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশন-এর উদ্যোগে দিবসটি উদযাপন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এআইইউবির ইঞ্জিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন বলেন, “এক সময় বাংলাদেশসহ সারা বিশ্বে খাদ্য উৎপাদন কম ছিলো। কিন্তু গবেষণার মাধ্যমে বর্তমান বিশ্ব আগের চেয়ে খাদ্য উৎপাদনে অনেক স্বয়ংসম্পূর্ণ।”

এআইইউবি সবসময় গবেষণাকে অগ্রাধিকার দেয় এবং তারই ধারাবাহিকতায় ন্যানো সেন্টারসহ আরও বেশ কয়েকটি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো তোফাজ্জল ইসলাম ‘এ জার্নি টু আননোনস ইন দ্যা ফেমটো-ন্যানো ওয়ার্ল্ড’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে ন্যানোটেকনোলজির গুরুত্ব, বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ন্যানোটেকনোলজি বিষয়ে গবেষণার সুযোগ ও সাফল্য, ফেমটো টেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলামসহ এআইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশে ৯ অক্টোবর বা তার কাছাকাছি সুবিধাজনক দিনে ন্যানোটেকনোলজি দিবস পালন করা হয়।