ঢাবির ভর্তি পরীক্ষায় ‘৫ অগাস্ট’, সিরিয়ার সরকার পতন নিয়ে প্রশ্ন
অন্তর্বর্তী সরকারে নারী উপদেষ্টা কতজন, সে প্রশ্নও ছিল; প্রধান উপদেষ্টার ‘তিন শূন্য’ প্রসঙ্গও ছিল প্রশ্নপত্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে নানাভাবে উঠে এসেছে ছাত্র-জনতার গণ আন্দোলন প্রসঙ্গ; ছিল সিরিয়ায় আসাদ সরকার পতন নিয়েও প্রশ্ন।
কোনো প্রশ্নে ‘ফ্যাসিস্ট’, কোনো প্রশ্নে ‘আবু সাঈদ’, কোনো প্রশ্নে উঠে আসে ‘ঢাক-ঢোল বাজিয়ে’ ৫ অগাস্টের উদযাপন।
‘অন্তর্বর্তী সরকার’ নিয়েও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘সাধারণ জ্ঞান’ যাচাই করা হয় পরীক্ষায়।
শনিবার বেলা ১১টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় আবেদন পড়ে ১ লাখ ২৫ হাজারের বেশি।
প্রশ্নপত্রের লিখিত অংশের এক জায়গায় ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয় শিক্ষার্থীদের। সেখানে ৫ অগাস্টের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়, যারা বাংলা দাঁড়ায়, “শেষ বিকালে ঢাকার সড়কে উল্লসিত মানুষের ঢল নামে। কেউ নামে পরিবারের সঙ্গে; কেউ নামে বন্ধুদের সঙ্গে।
“তারা ঢাক-ঢোল পিটিয়ে স্লোগান দিতে থাকে এবং স্বৈরশাসককে তিরস্কার জানায়। এটা ছাত্রদের বিজয়, জনগণের বিজয়! দীর্ঘদিন পর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়ে তারা আনন্দিত।”
ফ্যাসিবাদের জনক কে, সে প্রশ্নও ছিল। একটি প্রশ্নে বলা ছিল, “বৈষম্যবিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন?”
প্রশ্ন এসেছে ঢাকা শহরের প্রথম উড়ালসড়ক উদ্বোধন করেন কে, যার সঠিক উত্তর ছিল ‘বেগম খালেদা জিয়া‘।
প্রশ্ন এসেছে, ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টার লিংক’ নিয়েও।
বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কিছুদিনের মধ্যে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম নিয়েও প্রশ্ন এসেছে।
মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে, সে বিষয়ে একটি প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান অংশে।
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদকে নিয়ে বানানো ‘উন্নত মমশির’ ভাস্কর্য নিয়েও প্রশ্ন এসেছে।
প্রশ্ন এসেছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়েও।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, সে প্রশ্নও ছিল।
প্রশ্নপত্রে উঠে আসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ প্রসঙ্গও।
