Published : 25 Nov 2025, 07:48 PM
এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর আন্দোলনে নামা একদল চাকরিপ্রার্থীকে লাঠিপেটা করে ও জলকামানের পানি ছুঁড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এসময় সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ লাঠিচার্চ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে সাইন্ড গ্রেনেডও ফাটায় পুলিশ।
এসময় ঘণ্টাখানেক ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে।
আগামী বৃহস্পতিবার ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে গত কয়েকদিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। দাবি আদায়ে নাটোর ও ময়মনসিংহে রেল অবরোধও করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা এখন থানার সামনে অবস্থান করে বিক্ষোভ করছে।”
এর আগে সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ধাওয়া ও পাল্টা-ধাওয়ার মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পুলিশ বলছে, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছেন জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।
এ ঘটনায় আন্দোলনকারীদের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আন্দোলনকারীরা বিকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের হটিয়ে দিলে সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের তথ্য দিয়ে শাহবাগ থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, “আমরা থানার সামনে ব্যারিকেড দিয়ে রেখেছি। তাদের বোঝানোর চেষ্টা চলছে।”
আন্দোলনরতদের একজন বিকালে সাংবাদিকদের বলেন, “প্রতিটা বিসিএসের সময় লিখিতের জন্য ছয় মাস, আট মাস, দশ মাস এবং ৪৬তম বিসিএসের জন্য ১৫ মাস সময় দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বেলায় দেওয়া হয়েছে দুই মাস। এর মাঝে একটা স্পেশাল বিসিএসের জন্য ২০ দিন সময় চলে গেছে, আমরা মাত্র ৪০ দিন সময় পেয়েছি। আমরা পিএসসিকে বলেছি, আমার ৪০ দিনে পারবো না, আমাদের যেন একটা যৌক্তিক সময় দেওয়া হয়, যাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারি।”

গত ২৮ সেপ্টেম্বর ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ করে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার থেকে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয।
৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।
প্রথমে গত ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ৪৩ দিন পিছিয়ে এ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হল।