১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘চাঁদাবাজি-দুর্নীতি’: সারাদেশে বৈছাআ’র সব কমিটির কার্যক্রম স্থগিত

“এ কমিটিগুলোতে বিভিন্ন সংগঠনের প্রভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দুর্নীতিতে লিপ্ত হয়েছেন,” বলেন সংগঠনের সভাপতি।

‘চাঁদাবাজি-দুর্নীতি’: সারাদেশে বৈছাআ’র সব কমিটির কার্যক্রম স্থগিত
রাজধানীর শাহবাগে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে ‘চাঁদাবাজি ও দুর্নীতির’ অভিযোগের ঘটনা ছড়িয়ে পড়ায় প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটি ছাড়া সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে।

শনিবার রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। 

তিনি বলেন, ”সারাদেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি, দুর্নীতি বেড়ে গিয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা এগুলো রুখে দেব। কিন্তু এ কমিটিগুলোতে বিভিন্ন সংগঠনের প্রভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। 

“এ কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, সে কমিটি গঠনের দায়িত্বে যারা ছিলেন তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল ও মতের ভেতরে চলে গিয়েছে। তাদের প্রশ্রয় পেয়ে জুলাই যোদ্ধারা বিপথগামী হয়েছে। এ মুহূর্তে তাদের নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।” 

সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সারাদেশে নানা অপকর্ম, চাদাবাজি, দুর্নীতিতে লিপ্ত হওয়ার ঘটনা ঘটছে। 

“আমরা এসব বরদাস্ত করব না। আমরা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এ সংগঠন চালিয়েছি।”

রাজধানী ঢাকার গুলশানে ’চাঁদা নিতে গিয়ে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাসহ পাঁচজনকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। 

শনিবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার এদের মধ্যে চারজনকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রিমান্ডে যাওয়ারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনের ঢাকা মহানগর শাখার বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। 

এ মামলার অপর আসামি শিশু।

এ ঘটনার আগেও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতৃস্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অনেক অনিয়মের ঘটনার খবর প্রকাশ পেয়েছে।

গুলশানের ঘটনার সংবাদ প্রকাশের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে কমিটি স্থগিতের ঘোষণা দিল।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে

চাঁদাবাজির মামলা: বৈষম্যবিরোধী নেতাসহ চারজনকে ১০ দিন রিমান্ডে চায়

চাঁদাবাজিতে গ্রেপ্তার বৈছাআর ৫ জন, উমামা বললেন 'শেকড় অনেক গভীরে'