Published : 14 Aug 2025, 07:56 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করা হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে হল কমিটি ঘোষণা করেছে সেগুলো থাকার কথা বলেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসুকেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের সাক্ষাতের কথা বলেছেন ছাত্রদল সভাপতি।
৯ অগাস্ট ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত এবং নতুন করে ১৮টি হল শাখার কমিটি গঠন করার তথ্য জানায় সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার প্রতিবাদে সে দিন রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষর্থীদের একটা অংশ। গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন তারা।
বিক্ষোভের মুখে উপাচার্য নিয়াজ আহমেদ খান হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এ নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সভাপতি বলেন, “কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে।”
রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন। গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। আমরা ছাত্রদল তাদের আশ্বস্ত করেছি, সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আছি।”
ঢাকা বিশ্বিবিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর বিক্ষোভ ও হলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ আলোচনায় আসে।
ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের চিহ্নিত নেতা-কর্মীদের আইনের আওতায় এনে বিচারের বিষয়ে উপাচার্যের সাথে কথা বলার কথাও তুলে ধরেন রাকিব।
তিনি বলেন, আগামী শনিবারের মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্রজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে আমরা আপডেট পাব।”
এ সময় ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতির’ সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো সেভাবে দখল করে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে ছাত্রদলকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।”
তার ভাষ্য, “আমরা ছাত্রদল মব এবং সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি।”
এক শিক্ষার্থীকে ছাত্রলীগের চিহ্নিত ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে রাকিব বলেন, “ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যে মব সৃষ্টি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব প্রদানকারী ছিলেন এই জুলিয়াস সিজার তালুকদার।”
জুলিয়াসকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ-১ ফেইসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে তুলে ধরেন তিনি।
পুরনো খবর:
সকালে ঢাবি ছাত্রদলের হল কমিটি, রাতে ৬ জনকে অব্যাহতি
ঢাবি ছাত্রদলের হল কমিটিতে 'ছাত্রলীগ', খতিয়ে দেখতে তদন্ত কমিটি