Published : 09 Aug 2025, 01:59 AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই তথ্য গোপনের অভিযোগ ছয়জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার মধ্যরাতে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেইসবুক পেইজে ওই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অব্যাহতি পাওয়া ছয়জন হলেন– ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহবায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহবায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ঘোষণার পর “তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।”
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে; এবং নতুন ১৮টি হল শাখার কমিটি গঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্যেও ঘোষিত কমিটিতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন।
এরপর বিকালে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর পদ পাওয়া অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হল শাখাসমূহের নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারো কারো বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমনকে নিয়ে গঠিত ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়।
এরপর রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয়জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হল।
আরও পড়ুন:
ঢাবি ছাত্রদলের হল কমিটিতে 'ছাত্রলীগ', খতিয়ে দেখতে তদন্ত কমিটি