Published : 08 Aug 2025, 07:58 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর পদ পাওয়া অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হল শাখাসমূহের নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারো কারো বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
তদন্ত কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর মল্লিক ওয়াসি উদ্দিন তামী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে; এবং নতুন ১৮টি হল শাখার কমিটি গঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্যেও ঘোষিত কমিটিতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন।
পুরনো খবর