Published : 01 Mar 2026, 06:35 PM
রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রাকিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছিল।
রাকিব বলেন, “আগামীর ছাত্রদল হবে ‘পলিসি নির্ভর’; ওয়েলফেয়ার পলিটিক্সের (কল্যাণ রাজনীতি) ছাত্রদল। আমরা পলিসি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয় ঘটাব।”
সাধারণ সম্পাদক নাছির বলেন, “আমরা আজ ও আগামীকাল বাছাই পর্ব করব। ৪ মার্চ চূড়ান্ত প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এই পর্ব শেষ করব।”
উদ্বোধনীতে ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনও উপস্থিত ছিলেন।