শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা: জবিতে ছাত্রদলের তিনজন বহিষ্কার, দুজনের প্রবেশে নিষেধাজ্ঞা
‘আটকে’ রাখা ছাত্রের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন ছাত্রদলের নেতারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর ও ছাত্র সংসদ নেতাদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিনজনকে সাময়িক বহিষ্কার এবং দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এছাড়া আরেকজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) মো. মশিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্যের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু হেনা মুরসালিন এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হাসান ইমান। এই তিনজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য।
আর রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান এবং দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই দুজনের মধ্যে মধ্যে মাহমুদুল হাসান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন।
মারধরের ঘটনার দিনেই 'সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের' অভিযোগে তার পদ এক মাসের জন্য স্থগিত করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এছাড়া ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ভবিষ্যতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ প্রমাণিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। হাকিমও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
গত ১০ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ‘আটকে’ রাখতে গিয়ে, সহকারী প্রক্টর শফিকুল ইসলাম ও গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেতাদের মারধর করে বলে অভিযোগ ওঠে।
‘আটকে’ রাখা ছাত্রের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন ছাত্রদলের নেতারা।
ওই সময় ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. ফারুকের ওপরও হামলা করেন বলে অভিযোগ রয়েছে। তারা তিনজনই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বাগছাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
এতে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ ছিলেন উপাচার্য মো. রেজাউল করিম।
প্রশাসনিক ভবনে তালা দেওয়ার বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “এই ঘটনাটা ঠিক হয়নি। হামলার ঘটনার পরপরই একটি তাৎক্ষণিক কমিটি গঠন করে দোষীদের শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এই নোটিস সাধারণত বিভাগের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। এইভাবে কারো কাছে পার্সোনালি দেওয়া হয় না।”
