ডাকসু ভোট: আদালতের আদেশে হঠাৎ নাটকীয়তা, শিক্ষার্থীদের বিক্ষোভ
এজিএস প্রার্থী অদিতি ইসলাম বলেন, ডাকসু নির্বাচন স্থগিতে হাই কোর্টের আদেশ ‘অতি-আশ্চর্যজনক’।
কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন ভোটের প্রচারে সরগরম, সেখানে নাটকীয়তা তৈরি হয়েছে উচ্চ আদালতের এক আদেশ ঘিরে।
সোমবার বিকালে প্রচার আর নির্ধারিত নানা কর্মসূচি বাদ দিয়ে প্রার্থী আর ভোটাররা নেমে যান রাস্তায়, নির্ধারিত সময়ে ডাকসু ভোট চেয়ে বিক্ষোভ আর সমাবেশ করেন তারা।
এক রিট মামলার প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট ডাকসু নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে দিলে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘণ্টাখানেকের মাথায় হাই কোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত আটকে দেওয়ায় ভোট আয়োজনে ‘বাধা’ আপাতত কেটেছে। তাতে ক্যাম্পাস শান্ত হয়েছে ঠিক, কিন্তু ভোট শেষ পর্যন্ত হবে কি-না, এমন শঙ্কা দানা বেঁধেছে শিক্ষার্থীদের মনে।
৯ সেপ্টেম্বর ভোটের তারিখ রেখে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৮টি পদের বিপরীতে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৪৭১ জন শিক্ষার্থীরা।
ভোটের মাঠে নেমে অন্তত ১০ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা ২৬ অগাস্ট থেকে প্রচারে ব্যস্ত। জাতীয় নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এ নির্বাচন সংবাদমাধম্যেও গুরুত্ব পাচ্ছে। ফলে দেশবাসীর নজরও এই ভোটের দিকে।
ছাত্রশিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাই কোর্টে রিট মামলা করেন তিন বাম ছাত্র সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।
৫ অগাস্টের আগে এস এম ফরহাদ ‘ছাত্রলীগের কমিটিতে’ ছিলেন, এর পরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হলেন– এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে এই রিট মামলা করা হয়।
সোমবার শুনানি নিয়ে হাই কোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে এবং আদেশের ১৫ দিনের মধ্যে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি ট্রাইব্যুনালকে।
ওই আদেশের পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। মিছিল নিয়ে বিভিন্ন সংগঠন জড়ো হয় ভিসির বাসভবনের সামনে।
এর মধ্যেই দ্রুত ওই আদেশ স্থগিতের আবেদন নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। চেম্বার আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করায় নির্বাচন অনুষ্ঠানে ‘বাধা’ কাটে।
নির্বাচন স্থগিতের খবর ক্যাম্পাসে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রায় সব সংগঠনকেই প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়।
ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়।
ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন রিটকারীর প্রার্থীর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের কর্মী-সমর্থকরাও। ছাত্র ইউনিয়নের একাংশ, ছাত্র ফ্রন্টের একাংশ এবং বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগ মিলে এই প্যানেল গড়েছে।
ডাকসু ভবনের সামনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণার মধ্যে হাই কোর্টের আদেশের খবর আসে। ওই আদেশের পর নির্বাচন ঘিরে অনিশ্চয়তার মধ্যে ইশতেহার ঘোষণা করতে পারেনি উমামা ফাতেমার প্যানেল।
রিট আবেদনকারী বিএম ফাহমিদা আলম এদিনই সংবাদ সম্মেলন করে বলেছেন, “ফরহাদের অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, তার কোনো পদত্যাগের প্রমাণ আমরা পাইনি।”
ফরহাদের কর্মকাণ্ড ডাকসুর গঠনতন্ত্রের সঙ্গে ‘সাংঘর্ষিক’ মন্তব্য করে তিনি বলেন, “টিএসসিতে তারা রাজাকারদের ছবি টানিয়েছিল। তাদেরকে জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা ছিল, সেটি ডাকসুর মূল লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে বিরোধিতা করে।”
এ রিট মামলা ডাকসু নির্বাচন ‘বানচাল করার জন্য নয়’ দাবি করে তিনি বলেন, মামলা করার পর থেকে বিভিন্ন ‘বট অ্যাকাউন্ট’ থেকে তিনি বুলিংয়ের শিকার হচ্ছেন।
এর আগে সোমবার মামলা হওয়ার পর ফরহাদ এক ফেইসবুক পোস্টে লিখেছিলেন, “আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
“বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।”
আদালতে যা হল
ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এক সম্পাদক পদের প্রার্থী ফাহমিদা আলমের করা রিটের শুনানি নিয়ে সোমবার ডাকসু নির্বাচন দুই মাসের জন্য স্থগিত ঘোষণা করে হাই কোর্ট।
একইসঙ্গে, ফরহাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ১৫ দিনের মধ্যে তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি ট্রাইব্যুনালকে নির্দেশ দেয় আদালত।
বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
হাই কোর্টের রায়ের পর শিশির মনির বলেছিলেন, “আজকে একজন প্রার্থীর একটা রিট পিটিশনের অংশ হিসেবে হাই কোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসু নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। আমরা ইন দ্য মিন টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি যে, এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে স্টে চেয়ে আপিল মামলা দায়ের করব।“
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আইনজীবী বলেন, “আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে- যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসু নির্বাচন স্থগিত চান নাই; না চাওয়া সত্ত্বেও হাই কোর্ট বিভাগ ডাকসু নির্বাচন স্থগিত করেছেন। এটা অনেকটা নজিরবিহীন। অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ২৬ তারিখ। তার পরেও আরো পাঁচ দিন চলে গেছে।
“এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে, এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে, তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে। এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যত দ্রুত সম্ভব ঘণ্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করব।”
এরপর হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই আবেদেনে নির্বাচন স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালত।
এক ঘণ্টার মধ্যে আগের আদেশ স্থগিতের এই আদেশ পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন আয়োজন করা এবং অনুষ্ঠান করার ক্ষেত্রে খুবই সিরিয়াস এবং সিনসিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করে যে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি তৈরি হবে।
“এজন্যই আমরা এটা আয়োজন করেছিলাম। এটির সকল আয়োজন সম্পন্ন হয়েছিল ২৬ তারিখ; যেখানে আমরা ক্যান্ডিডেটদেরকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। তারপরে আজকে পাঁচ দিন পরে একটা রিট পিটিশন করে একটা রুল নেওয়া হয়েছে এবং নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল।”
তাৎক্ষণিকভাবে চেম্বার জজ আদালতে শরণাপন্ন হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পোর্টেন্স, সে কারণে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাই কোর্ট ডিভিশন ডাকসু নির্বাচনকে স্থগিত করেছেন।
“অর্থাৎ ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকল না। এবং যে যেখানে প্রচার করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন- তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারের ক্ষেত্রেও কোনো বাধা নাই।”
শিশির মনির বলেন, “আমরা আগামীকাল সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে। কিন্তু ইন দা মিনটাইম হাই কোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে।
“অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসব, উৎসাহ- এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকল না।”
তিনি বলেন, “একজন ক্যান্ডিডেট তিনি নিজেও ডাকসু নির্বাচন স্থগিত চাননি, তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নেবে বলে আমি মনে করি না।
“এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই (হাই কোর্টের) আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন।”
উত্তাল ক্যাম্পাস, ভোট ৯ সেপ্টেম্বরই চান সবাই
উচ্চ আদালতের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
হলগুলো থেকে মিছিল আসার আগে কয়েকজন নেতাকর্মী নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। পরে অন্যান্য সংগঠনও মিছিল নিয়ে বিক্ষোভে শামিল হয়।
এসব বিক্ষোভ থেকে ‘হাই কোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘প্রহসনের হাই কোর্ট, মানি না মানব না’, ‘ডাকসু আমার অধিকার, এই অধিকার দিতে হবে’, ‘ডাকসু নিয়ে ষড়যন্ত্র, মানি না মানব না’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
ক্যাম্পাসের উত্তরপাড়ার হলগুলোতে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হচ্ছিলেন উপাচার্যের বাসভবনের সামনে তখন মধুর ক্যান্টিন থেকে তাৎক্ষণিক মিছিল করে ইসলামী ছাত্রশিবির। এসময় তারা মাস্টারদা সূর্যসেন হল থেকে ঘুরে আবার ডাকসু ভবনের সামনে এসে সংবাদ সম্মেলন করে।
এসময় ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, "ডাকসু নির্বাচন যথা সময়ে হবে। আমরা জানি, কারা নির্বাচনকে ভয় পায়। ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে।”
ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই হবে এবং যারা নির্বাচন বন্ধ করতে চায়, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।”
এরপর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল শুরু করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। সংগঠনটির নেতাকর্মীরা পরে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন।
সেখানে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচন রাইট টাইমে হবে। সেটাকে বাধাগ্রস্ত করার কারো সক্ষমতা নাই। এত রক্তের উপর দাঁড়িয়ে এ প্রশাসন যদি ডাকসু নির্বাচন দিতে ব্যর্থ হয়, সেটা আমরা কখনো মেনে নেবে না। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু অবশ্যই হতে হবে।
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আবিদ বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের কি আইনজীবী নাই? সেখানে শিশির মনিরকে কেন এখানে রাখা হয়েছে? এটাই কি প্রশাসনের নিরপেক্ষতা? আপনাদেরকে সাবধান করে দিচ্ছি।
“আপনারা আর তামাশা করবেন না। সাবধান হয়ে যান। বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাকে তো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয়নি।”
ক্যাম্পাসে মিছিলের পর ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, "ডাকসুকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। ডাকসুতে শিক্ষার্থীরা যেন নিরৎসাহিত হয়, তার সব মেকানিজম করা হয়েছে।
“শিক্ষার্থীদের বলতে চাই, সব ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়ে আপনরা ডাকসু নির্বাচনে আগ্রহী হোন। ডাকসুকে কার্যকর করতে হবে। ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জায়গা। আমরা যে আশঙ্কার কথা বলে আসছি, সেই আশঙ্কা আজ দৃশ্যমান হয়েছে। ডাকসু বানচাল করার চেষ্টা করা হচ্ছে।"
জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, "ডাকসুকে বন্ধ করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে 'লাল কার্ড' দেখিয়েছেন। ভোটার, প্রার্থীরা সবাই একমত, আমরা সবাই ডাকসু চাই।"
একই সময়ে ডাকসু ভবনের সামনে থেকে ভিপি প্রার্থী উমামা ফাতেমার নেতৃত্বেও মিছিল বের হয়। তারা মিছিল নিয়ে কলাভবনের সামনে দিয়ে টিএসসির দিকে যান।
সেখানে উমামা ফাতেমা বলেন, "আমরা কোনোভাবেই আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে জাতীয় রাজনীতির গুটি হতে দেখতে চাই না। সোজা কথা এই ডাকসু নির্বাচন আমরা এই ৯ সেপ্টেম্বরেই দেখতে চাই।
“এবং আমরা খুব দ্রুতই নির্বাচন কমিশনের সাথে দেখা করব এবং আমরা সরাসরি বলব যে. ডাকসু নির্বাচন কোনোভাবে ৯ সেপ্টেম্বরের থেকে বিলম্বিত হতে পারবে না।”
হাই কোর্টের রিটের সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এখানে ভোটার তালিকা প্রণয়ন হয়েছে ১১ অগাস্ট। প্রার্থী প্রত্যাহারের ঘটনা ঘটছে ২৫ আগস্ট পর্যন্ত। এই পুরাটা সময়ে এখানে কিন্তু ওই গোষ্ঠী চাইলে তারা এখানে রিট করতে পারত।
“কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে, ওই সময় কিন্তু এসে তারা হাই কোর্টে রিট করছে। আমরা মনে করি যে, এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে।”
ক্যাম্পাসে বিক্ষোভের পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে রিটকারী ফাহমিদার প্যানেল ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’।
সংবাদ সম্মেলনে এই প্যানেলের এজিএস প্রার্থী অদিতি ইসলাম বলেন, ডাকসু নির্বাচন স্থগিতে হাই কোর্টের আদেশ ‘অতি-আশ্চর্যজনক’।
“ফাহমিদা যে নৈতিক ভিত্তি থেকে এই রিট করেছেন, তা ঠিক আছে এবং এর সঙ্গে আমরা একমত। যারা ৭১ এবং ২৪ কে ধারণ করেন, তারা এর সঙ্গে একমত বলেই আমরা মনে করি।”
তবে নির্বাচন স্থগিত করতে হবে- এমন কিছু ওই রিট আবেদনে নেই মন্তব্য করে অদিতি বলেন, “এস এম ফরহাদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের কারণে ফাহমিদা রিট আবেদনটি করেছেন।”
