১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর

কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে আগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 03:25 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে; যা শুরু হবে ২২ ডিসেম্বর।

কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে আগে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫৪৪ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুরুতে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা পরে জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। বেশ কিছু শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পর গত ১৮ নভেম্বর তা বাতিল করা হয়।

মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল।

পরে 'ন্যায্যতা বজায় রাখতে প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে' এ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় নবগঠিত পিএসসি।

আরও পড়ুন:

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল

কবে গতি ফিরবে বিসিএসে? 

৩ হাজার ৬৮৮ পদে নিয়োগ দিতে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

৪৬তম বিসিএস: নতুন করে প্রিলির ফল, উত্তীর্ণ ২১৩৯৭

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর, অধ্যাদেশ জারি