Published : 08 Jan 2026, 03:05 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি-২ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই ভর্তিচ্ছু।
বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (নতুন কলা অনুষদ) ইতিহাস বিভাগের তৃতীয় তলায় পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের হাতে ধরা পড়েন তারা।
পরে তাদের পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী জানান।
বহিষ্কার হওয়া একজনের নাম মো. মোত্তালিব। তার বাড়ি চাঁপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। আরেক জনের নাম মো. হাফিজুর রহমান শাহ; তার বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলা। তারা দুজনেই রাজশাহীর আত্রাই আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছেন।
প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে যারা পরীক্ষক আছেন, তারা বিষয়টি লক্ষ্য করেন। তারা খুঁটিয়ে দেখে দুইজন একে অপরের সাথে ওএমআর শিট পরিবর্তন করেছে। আমাদের বিষয়টি জানালে আমরা তাদের প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা এখানে এনে তাদের কাছের থেকে মুচলেকা নিয়েছি। তাদের পরীক্ষা বাতিল করে তাদের বহিষ্কার করা হয়েছে।”
আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত হয়েছে চবির বি-২ উপ–ইউনিট। এই ইউনিটে ২৮০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪ হাজার ৮৪৯ জন ভর্তিচ্ছু। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ হাজার ২৫৮ জন।
বি-২ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান জানান, উপস্থিতির হার ৮৭ দশমিক ৮১ শতাংশ।
৯ জানুয়ারি সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।