Published : 29 Apr 2026, 01:32 AM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠানে ১৭৬ জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এই স্বীকৃতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭৬ জন গবেষককে ৬৯০টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা দেওয়া হয়। যার মধ্যে ২৫৭টি আইএসআই ইনডেক্সড, ১৯২টি স্কোপাস ইনডেক্সড, ২০৯টি স্কোপাস কনফারেন্স ও স্কোপাস বুক চ্যাপ্টার, ৫টি স্কোপাস বুক এবং ২৭টি আইইউবিএটি রিভিউ আর্টিকেলে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সজল সাহা।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক উৎপল কান্তি দাস, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন (অব.) উপস্থিত ছিলেন।