২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ডাকসু নির্বাচন: ‘প্রতিরোধ পর্ষদ’ নামে লড়বে ৭ বাম সংগঠন

এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এসব সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ নামে প্যানেলে ঘোষণা করেছে বাম ধারার সাত ছাত্র সংগঠন।

এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি আগের সংসদে শামসুন্নাহার হলের ভিপি ছিলেন।

আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। এজিএস পদে প্রার্থী হয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ২৮ সদস্যের ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তুলে ধরেন জুবেল। 

তিনি বলেন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ নিয়ে তাদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’।

অবশ্য শেখ তাসনিম আফরোজ ইমি সরাসরি কোনো বাম সংগঠনের সঙ্গে ছিলেন না।

আগের দিন সোমবার এ সাত সংগঠন এক প্যানেলে ডাকসু নির্বাচন করার বিষয়টি জানানোর পাশাপাশি ভিপি-জিএস ও এজিএসসহ চারটি পদে প্রার্থীদের নাম প্রকাশ করেছিলেন জুবেল।

এই চার প্রার্থীর অপরজন হলেন-মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। 

প্রতিরোধ পর্ষদের প্রার্থী তালিকার রয়েছেন-কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নূজিয়া হাসিন (রাশা), মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ, পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে নাঈম উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফারিয়া মতিন (ইলা), ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শেখ তাসনুভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ফাতিন ইশরাক এবং গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমানত ইমরান।

আর ১৩টি সদস্য পদে লড়বেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. তফসিরুল্লাহ, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের রাজেকুজ্জামান জুয়েল, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের ওয়াকার রহমান সৌরভ, অর্থনীতি বিভাগের মোহাম্মদ মুস্তাকিম, ইন্সটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজের মিশকাতুল মাশিয়াত (তানিশা), কারুশিল্প বিভাগের আতিকা আনজুম অর্থী, অপরাধ বিজ্ঞান বিভাগের পৃথিং মারমা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের ইসরাত জাহান ইমু, নৃবিজ্ঞান বিভাগের আনিয়া ফাহমিন, পদার্থ বিজ্ঞানের রাহনুমা আহমেদ নিরেট, প্রাচ্যকলা বিভাগের সাজিদ উল ইসলাম, স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগ হেমা চাকমা এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আলমগীর হোসেন।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 

তবে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময় একদিন বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার বিকাল ৫টা ও বুধবার বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে।

সে দিন পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৪২ জন ফরম সংগ্রহ করেন তফসিলে ঘোষিত শেষ দিনে এসে। আগের আট দিনে নেন ১২৩ জন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।

আগের খবর:

ডাকসু নির্বাচনমনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল একদিন

ডাকসু নির্বাচন২৮ পদে লড়তে চান ৫৬৫ জন