১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালিবাগে জবি শিক্ষকদের বাসে ভিক্টর পরিবহনের ধাক্কা, আহত ৩

আহত দুই শিক্ষক ও একজন মোটরসাইকেল চালককে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার প্রশাসক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 11:46 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

রাজধানীর মালিবাগ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাসে লোকাল বাসের ধাক্কায় দুই শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস শিক্ষকদের বহনকারী বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা দুই শিক্ষক আহত হন এবং বাসের ক্ষয়ক্ষতি হয়।

রাতে এ ঘটনায় হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের প্রশাসক তারেক বিন আতিক। 

অভিযোগে বলা হয়, ভিক্টর ক্লাসিকের (ঢাকা-মেট্রো-ব-১১-৮৩৬১) বাসটির ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই ভিক্টর ক্লাসিকের চালক পালিয়ে যান।

এতে মিনিবাসটির অনুমান ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

লিখিত অভিযোগ করার কথা তুলে ধরে শিক্ষক বাসে থাকা পরিবহন বিভাগের প্রশাসক তারেক বলেন, দুর্ঘটনার সময় সামনে যে মোটরসাইকেলটি ছিল আরেকটু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আহতদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।