ছাত্রলীগের হামলার ছবি-ভিডিও দেখানো হবে বড় পর্দায়
“আওয়ামী লীগের সময়ে যে অনাচার হয়েছে, মিথ্যা মামলার রাজনীতি হয়েছে, সেটি আমরা চাই না- স্বাধীনতা পরবর্তী সময়েও হোক,” বলেন সমন্বয়ক রিফাত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যে হামলা চালিয়েছিল তার ছবি ও ভিডিও বড় পর্দায় দেখানো হবে।
মঙ্গলবার টিএসসির পায়রা চত্বরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত।
এ আয়োজনের জন্য সবার কাছে ছবি, ভিডিও চেয়ে তিনি বলেছেন, “যারা ছবি-ভিডিও নিজেদের মোবাইলে ধারণ করেছেন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন; সেেই সকল ছবি-ভিডিওগুলো আমরা এখানে প্রদর্শন করতে চাই।
“এতে করে মামলার প্রসিডিউরের প্রয়োজনে যে সাক্ষীর দরকার হয়, সেটাও আমরা এখান থেকে পেয়ে যাব। সাক্ষী না থাকলে আসলে আইনি প্রক্রিয়া ব্যাহত হবে।"
সমন্বয়ক রিফাত বলেন, “আপনারা জানেন বিগত ১৫ বছর ধরে সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সর্বশেষ তারা ১৫ জুলাই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে।"
তিনি বলেন, “ইতোমধ্যে কিছু মামলা নেওয়া হয়েছে, অনেক জনকে আসামি করা হয়েছে। কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তারা এখনও ঘুরে ফিরে বেড়াচ্ছে। এখনও অনেকে দম্ভ নিয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছে।
“আবার দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাঘব বোয়ালদের ছেড়ে ছোট ছোট পদধারীদেরকে ধরা হচ্ছে। শুধুমাত্র পদ থাকলেই তাকে মামলা দেওয়া হচ্ছে। এটি আমরা চাই না।”
দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চেয়ে রিফাত বলেন, “আমরা চাই সুস্পষ্ট আইনের মাধ্যমে এর বিচার হোক।
“আওয়ামী লীগের সময়ে যে অনাচার হয়েছে, মিথ্যা মামলার রাজনীতি হয়েছে, সেটি আমরা চাই না- স্বাধীনতা পরবর্তী সময়েও হোক।”
আন্দোলনের মধ্যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা শিক্ষার্থীরাও হেনস্তার শিকার হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “ছাত্রলীগের ভেতরে এমন অনেকেই ছিল- যারা সবার আগে পদ পদবী ছেড়ে সাধারণ ছাত্রদের কাতারে নেমে এসেছিল।
“সাধারণ ছাত্রদের পক্ষে লড়াই করেছে, কিছু ক্ষেত্রে তাদেরকে হেনস্তা করা হচ্ছে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান জীম, নাদিম মাহমুদ শুভ, রাইয়ান ফেরদৌস ও বাইজীদ হোসেন।
