ভাইয়ের বদলে ‘ব্রো’ বলে সম্বোধন, শেকৃবিতে মারামারি
“বিষয়টা আমাদের নলেজে আছে, আমরা বিষয়টা দেখতেছি,” বলেন ওসি মনিরুল।
ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) লিফটে ওঠার সময় ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলার জেরে শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়েছেন।
মঙ্গলবার দুপুরে শুরু হওয়া বিরোধের জেরে রাতে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা হলেন—অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২১ ব্যাচের হোসাইন শরীফ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ২৩ ব্যাচের রাতুল হাসান রুম্মান।
প্রত্যক্ষদর্শী ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় শরীফকে ‘হেই ব্রো, লিফট ধরেন’ বলেন রুম্মান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে দুপুরের ওই ঘটনা নিয়ে আবারও তাদের মধ্যে তর্কাতর্কি ও মারামারি হয়।
রুম্মান সাংবাদিকদের বলেন, দুপুরে ক্লান্ত থাকায় তিনি শরীফকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলে লিফটটি ধরতে বলেছিলেন। এতে শরীফ তার পরিচয় জানতে চান এবং তাকে লিফটে উঠতে বাধা দেন। রাতে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে তাকে বকাঝকা ও মারধর করা হয়।
শরীফের দাবি, রাতে রুম্মানসহ কয়েকজন তার পথরোধ করে পরিচয় জানতে চান। একপর্যায়ে তাকে আঘাত করা হয়। নিজেকে রক্ষা করতে গেলে তার হাত লেগে রুম্মানের কপাল কেটে যায়।
শরীফের ভাষ্য, একপর্যায়ে ছাত্রদল নেতা জিব্রাইল শরীফ কমপক্ষে ১৫ জনকে নিয়ে এসে তার কলার ধরে হলের বাইরে নিয়ে যান। এ সময় তাকে গালাগালি, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, পুলিশে দেওয়া ও মামলা করার হুমকি দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে জিব্রাইল শরীফ বলেন, তিনি শেরেবাংলা হলের সামনে ছিলেন। হলের ভেতর হইচই শুনে সেখানে গিয়ে দেখেন, তার ছোট ভাইয়ের সঙ্গে তার এক সিনিয়রের কোনো একটি বিষয় নিয়ে সমস্যা হয়েছে।
তিনি বলেন, “পরে বিষয়টি সমাধানের জন্য ২১ ব্যাচের শিক্ষার্থী শরীফ ও উপস্থিত তার ব্যাচের অন্য শিক্ষার্থীদের নিয়ে হলের গেস্টরুমে বসতে চাই।
“এ সময় সেখানে উপস্থিত ২১ ব্যাচের অনিমেশ রায় তার ব্যাচের অন্যদের বিষয়টি জানালে কয়েকজন শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।”
পরে কিছু শিক্ষার্থী নবাব সিরাজউদ্দৌলা হলে গিয়ে জিব্রাইল শরীফের কক্ষ ভাঙচুর করেন বলে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আফরান আলীর মন্তব্য জানতে চাইলে তিনি ফোন ধরেননি।
শেরেবাংলা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজকে বলেন, “লিফটে ওঠা নিয়ে ছাত্রদের মধ্যে ছোটখাটো মারামারির ঘটনা ঘটেছে।
“বিষয়টা আমাদের নলেজে আছে, আমরা বিষয়টা দেখতেছি।”
