৩৮ দিন পর খুলেছে ইবি
বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে।
বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে সকল বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।
তিনি বলেন, “হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরাও আসতে শুরু করেছে। আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পুরো কার্যক্রম চলবে।”
গত ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস পরিস্থিতি। তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ৩৫টি বাস পুড়িয়ে দেয়।
ওই পরিস্থিতিতে পরদিন (১ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
