২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রদলের শীর্ষ নেতৃত্বসহ ১৭ জন আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের  সভাপতি  ও সাধারণ সম্পাদকসহ ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 10:58 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার রাত ৯টার দিকে নগরের মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেনের জানান।

আটকদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ,  সাধারণ সম্পাদক কামরুল হাসান,  যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, আইন অনুষদের আহ্বায়ক আল-আমিন আজাদ,  ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল হক রয়েছেন।

ওসি আলমগীর বলেন,  “রাতে নগরীর মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদলের নেতা-কর্মীরা গোপন বৈঠকে বসে  নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।”

মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম রিটন বলেন,  ওই স্কুলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক বৈঠক চলছিল। সেখানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে রেখে পুলিশে খবর দেয়।

আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল রাতে মতিহার থানায় যান।

এদিকে নেতাকর্মীদের মুক্তি দাবিতে সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।

রাতে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আহসানুজ্জামান অনিল ধর্মঘটের ঘোষণা দেন।