২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা, সমাবেশ

শিক্ষক হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা। পদযাত্রা ও শোক সমাবেশ করেছেন শিক্ষকরা।  

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 01:31 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার ভর্তি পরীক্ষা কার্যক্রম চললেও কোনো বিভাগে ক্লাস বা পরীক্ষা হতে দেখা যায়নি। সবার মুখেই ঘুরেফিরে এসেছে একদিন আগে খুন হওয়া তাদের প্রিয় শিক্ষকের প্রসঙ্গ।

ক্যাম্পাস সংলগ্ন বিহাস এলাকায় শনিবার বিকালে কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে।

ঘটনার প্রতিবাদে রাতেই সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি।

রোববার সকালে শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ঘটনার প্রতিবাদে পদযাত্রা ও শোক সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নিলুফার সুলতানা বলেন, “আমাদের প্রাণপ্রিয় শিক্ষকের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে ফেরা উচিত নয়।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর মলয় কুমার ভৌমিক বলেন, “যখন সত্য ও যুক্তি শেষ হয়ে যায় তখন শক্তির প্রয়োজন হয়। আজ যখন একের পর এক যুদ্ধপরাধীদের বিচারের রায় দেওয়া হচ্ছে তখন স্বাধীনতা বিরোধী একটি দল চেষ্টা করছে সেটা থামানোর।”

আইনানুগ বিচার ও শক্তিশালি সামাজিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ আজম বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একদিকে শোকাহত অন্যদিকে শঙ্কিত। যারা গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে তাদেরকে যদি এভাবে হত্যা করা হয় তাহলে সেটা কোনো ব্যক্তি নয়, বিশ্ববিদ্যালয়কে হত্যা করা হয়।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।