শাবিতে নিষেধাজ্ঞা ভঙ্গ করে মিছিল সমাবেশ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভর্তি পরীক্ষার দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল সমাবেশ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর পরই ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রলীগ।
এর পর পরই মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, জাতীয় ছাত্রদল ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলাম।
পরে ক্যাম্পাসে সমাবেশও করে ছাত্রসংগঠনগুলো।
এ বিষয়ে প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ছাত্র সংগঠন নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল সমাবেশ করেছে। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”
শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১ টা পর্যন্ত চলে। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায়।
এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে পরীক্ষার দিন মিছিল, সমাবেশ এবং লিফলেট ও বুকলেট বিতরণ করা যাবে না।
