অগাস্ট বিক্ষোভ স্মরণ ঢাবিতে
তত্ত্বাবধায়ক সরকার আমলে সেনা সদস্যদের নির্যাতনের প্রতিবাদে ২০০৭ সালে অগাস্টে সংগঠিত ছাত্রবিক্ষোভ স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ছাত্রদের মারধরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ তখন ছড়িয়ে পড়েছিল সারাদেশে সেনা শাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে।
তখন ছাত্রদের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল, পরে আন্দোলনের মুখে তাদের মুক্তি দেয়া হয়।
অগাস্ট বিক্ষোভের সেই সময় স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, সেদিন সেনা সদস্যদের বিরুদ্ধে লড়াই না করলে তারা জাতির মাথার ওপর চেপে বসত।
প্রতি বছর ২৩ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ হিসেবে পালন করে এলেও এই বছর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্তৃপক্ষ ২৪ আগস্ট দিবসটি পালন করে।
‘প্রতিবাদী ছাত্র-শিক্ষকদের ব্যানারে’ রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের পর সমাবেশ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “১৯৭১ সালে পাকবাহিনীর মতো ২০০৭ সালেও সেনাবাহিনীর লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেয়া। তাই তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল
“সেদিন যদি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা একযোগে লড়াই না করত, তারা আজ জাতির মাথায় চেপে বসত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, “ডিজিএফআইয়ের দু’কর্মকর্তা ঘটনার মূল হোতা। এদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছিল, তারা স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল।”
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “মৌচাকে ঢিল মারলে কী হয়, তা সেনাবাহিনীর জানা ছিল না।”
মানববন্ধনে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদ, সিনেট সদস্য অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, সাবেক প্রক্টর সাইদুল ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান অংশ নেন।
এদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে এবং সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বন্ধ ছিল।
এছাড়া দিবসটি স্মরণে সকালে সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা হয়।
এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।
সভা থেকে উপাচার্য ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান।
