২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার দুই কলেজে ৫ পরীক্ষার্থী, সবাই ফেল

এবারের এইচএসসি পরীক্ষায় গাইবান্ধার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 06:48 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

কলেজ দুটি হল- সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মডেল মহিলা কলেজে এবং গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি অজিত উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ।

শোভাগঞ্জ মডেল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মবিনা হামিদ শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমপিওভুক্ত না হওয়ায় এই কলেজের শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। তাই ফল বিপর্যয় হয়েছে।

বুড়াবুড়ি অজিত উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবায়দুল ইসলামও এমপিওভুক্ত না হওয়াটাকে ফল বিপর্যয়ের কারণ উল্লেখ করেন।

তিনি বলেন, “কলেজ শাখা ২০০৩ সালে প্রতিষ্ঠার পর পাঠদানের অনুমতি পেলেও এখনো সরকারি মঞ্জুরিভুক্ত (এমপিও) হয়নি। ফলে শিক্ষকরা ঠিকভাবে উপস্থিত হন না। একারণে ফলাফল খারাপ হচ্ছে।”

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, দুটি কলেজ থেকে কেন কেউ পাস করেনি তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবার শোভাগঞ্জ মডেল মহিলা কলেজে থেকে চারজন এবং বুড়াবুড়ি অজিত উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

গেল বছরও বুড়াবুড়ি অজিত উল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র ১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়।