২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধু দের স্মরণ সভায় ডাকসু সচলের দাবি

মৌলবাদী শক্তিকে রুখে দিতে এবং ছাত্র রাজনীতিকে আদর্শের ধারায় ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পুনরায় চালু করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 02:00 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শহীদ মধুসূদন দে’র (মধুদা) ৪৩তম শহীদ দিবসে স্মরণসভায় এ ডাকসু সচলের দাবি তোলেন তারা।

একাত্তরের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হন মধুদা।

স্মরণসভায় অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “ছাত্র রাজনীতি ভুল পথে ধরে হাঁটছে। যে দেশের রাজনীতিই রুগ্ন, সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো তার বাইরে থাকতে পারে না।”

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “অনেকে দাবি করেন দেশ বাঁচাও কৃষি বাঁচাও। কিন্তু সবার আগে বাঁচাতে হবে রাজনীতিকে। রাজনীতি না বাঁচলে কিছুই ঠিকমত চলবে না।”

মধু দের সম্পর্কে তিনি বলেন, “মধুদা ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে সবসময় প্রগতিশীল রাজনীতিকে সমর্থন করতেন।”

ষাটের দশকের ছাত্র রাজনীতিতে মধু দের ভূমিকার কথা স্মরণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “সে সময় প্রতিটি ছাত্র আন্দোলনেই মধুদা ছিলেন অবিচ্ছেদ্য অঙ্গ। ছাত্রদের যে কোনো ধরনের সহযোগিতায় আমরা সর্বদা তাকে পাশে পেয়েছি।”

বর্তমান ছাত্ররাজনীতি তার আদর্শের জায়গা ধরে রাখতে পারেনি বলেও মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা।

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতৃবৃন্দ, যারা এদেশের রাজনীতির জন্য অসাধারণ অবদান রেখেছেন, দলমত নির্বিশেষে মধুদা তাদের সকলকে সহযোগিতা করেছেন। মধুদা ছিলেন সকল দলমতের ঊর্ধ্বে।”

ঢাবি উপাচার্য মধুদা’র আদর্শ অনুসরণ করে পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা বজায় রেখে দেশের অগ্রগতির জন্য কাজ করতে ছাত্র সংগঠনগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান।

আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এবং প্রক্টর অধ্যাপক আমজাদ আলীর সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, ডাকসুর সাবেক জিএস মাহফুজা খানম, আখতারুজ্জামান প্রমুখ।

এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মধুর ক্যান্টিনের সামনে অবস্থিত মধুদা’র আবক্ষ মূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ছাত্র সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শহীদ মধুদা এবং মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।