২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় আরো সাড়ে ২৬ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার অগ্রগতিতে চলমান একটি প্রকল্পে আরো ২৬ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিব মোহাম্মদ মেজবাহউদ্দীন ও বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেস জুট এ সংক্রান্ত একটি ঋণ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুসারে এই ঋণ পরিশোধে ৪০ বছর সময় পাবে বাংলাদেশ। প্রথম ১০ বছর কোনো সুদ দিতে হবে না। পরবর্তী বছরগুলোতে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে।

বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যানসমেন্ট প্রজেক্ট’ শিরোনামের এই প্রকল্পের আওতায় প্রতি বছর দেশের ২১৫ উপজেলায় ৪৫ লাখ দরিদ্র শিক্ষার্থী উপকৃত হবে।

প্রকল্পে ‘অতিরিক্ত’ এই অর্থ আসায় নতুন করে ৯০টি উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারিত হবে।

২০০৮ সালে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৮ লাখ ‘সুবিধাবঞ্চিত’ শিক্ষার্থীদের বৃত্তি ও বেতনের অর্থ দেয়া হয়েছে।