হল উদ্ধার নিয়ে উচ্চমহলে কথা চলছে: শিক্ষামন্ত্রী
বেদখল হল উদ্ধারে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে পড়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ব্যাপারে সরকারের ‘উচ্চমহলে’ কথা চলছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে সরকারি কবি কাজী নজরুল ইসলাম কলেজের ফটকের সামনে শিক্ষামন্ত্রীর পথ আটকায় শিক্ষার্থীরা।
এ সময় তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে মন্ত্রী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল ছাত্রাবাসে থাকত সেগুলো কিছু সংখ্যক ভূমিদস্যু দখল করে রাখছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। সরকারের উচ্চমহলে কথা চলছে।”
বেহাত হওয়া হলগুলো সরকারের দখলে নিয়ে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, ছাত্র-শিক্ষকদের ওপর রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছোড়া এবং লাঠিপেটার ঘটনায় পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
ওই ঘটনায় লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামানকে প্রত্যাহারের দাবি করেছেন জগন্নাথের শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলনের ১১ তম দিনে বুধবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন।
বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিয়ে ফেরার পথে রায়সাহেব বাজার মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে পড়েন তিনি। প্রায় ২০ মিনিট ‘অবরুদ্ধ’ থেকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে স্থান ত্যাগ করেন তিনি।
ফাইল ছবি
ফাইল ছবি
এর আগে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বিক্ষোভ মিছিল করে রায় সাহেব বাজার মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
তাদের অবস্থানের কারণে বেলা সোয়া ২টা পর্যন্ত নয়াবাজার মোড় থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে বুধবার শিক্ষকদের সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ওই সভা থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণার আসতে পারে বলে একাধিক শিক্ষক জানিয়েছেন।
