২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতির নির্বাচন রোববার

আওয়ামী লীগ সমর্থিতদের দুটি এবং বিএনপি-জামায়াত সমর্থিত একটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 09:45 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদ এবং বাঙ্গালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) প্যানেলে নির্বাচন করছে।

অন্যদিকে স্বাধীনতা-গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজের (সাদা দল) প্যানেলে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিতরা।

প্রধান নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মহিউদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট ৮৩১ জন শিক্ষক ভোট দেবেন।

তিনি বলেন, “হলুদ ও সাদা দল ১১ জনের পূর্ণ প্যানেলে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদ ছয়টি পদে নির্বাচন করছে।“

রোববার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট হবে।

এ নির্বাচনের মাধ্যমে শিক্ষক সমিতির সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ,যুগ্ম সম্পাদক ও ছয়জন সদস্য  নির্বাচিত হবেন।

হলুদ দল থেকে সভাপতি পদে অধ্যাপক বেনু কুমার দে,সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সিদ্দিকী,কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ তৌহিদ হোসেন প্রার্থী হয়েছেন।

সাদা দল থেকে সভাপতি পদে হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক পদে শেখ আফতাব উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে মো. শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদের পক্ষে সভাপতি পদে প্রার্থী হয়েছেন গাজী সালেহ উদ্দিন। এছাড়া পাঁচটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ পরিষদের শিক্ষকরা।