২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শ্রেণিকক্ষে তালা দিল ছাত্রলীগ নেতা

দ্বিতীয় বর্ষের পরীক্ষা না দিতে দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে তালা দিয়েছে প্রথম বর্ষের পরীক্ষায় ‘ফেল’ করা এক ছাত্রলীগনেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার বেলা ১১টার দিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সব শ্রেণিকক্ষের দরজায় তালা লাগিয়ে দেন প্রথম বর্ষের শিক্ষার্থী রাজু মুন্সী, যিনি চবি ছাত্রলীগের সদস্য।

বিভাগের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ পরীক্ষায় রাজু মুন্সীসহ তিনজন শিক্ষার্থী ‘ফেল’ করলেও দ্বিতীয় বর্ষের মিডটার্ম পরীক্ষায় অংশ নিতে চায়।

“এছাড়াও দ্বিতীয় বর্ষের কোনো ক্লাসেও অংশ নেয়নি তারা।”

পরীক্ষা দিতে না দেওয়ায় রাজু ক্ষিপ্ত হয়ে বিভাগের সব কক্ষে তালা দেয়, বলেন তিনি।

এছাড়া কয়েকজন ছাত্রলীগ নেতাসহ এসে রাজু তাকে হুমকি শাসিয়ে গেছেন বলেও অভিযোগ করেন এই শিক্ষক।

নাম প্রকাশে অনিচ্ছুক একই বিভাগের শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজু মুন্সীসহ আরো দুজন ক্লাসরুমের ভেতর থাকা শিক্ষার্থীদের বের করে দিয়ে বিভাগের শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেন।

এব্যাপারে জানতে রাজু মুন্সীর মোবাইল নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।