২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে নবিস চিকিৎসকদের কর্মবিরতি

ক্যান্টিনে শিক্ষানবিস চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

শনিবার দুপুর থেকে শুরু এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।

ঘটনার বিচারের দাবিতে আন্দালনকারীরা হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিস) ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালিব আব্দুল্লাহ মারুফ বলেন, চিকিৎসককে লাঞ্ছিতকারীর বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

ভুক্তভোগী নবিস চিকিৎসক আব্দুর রহমান রিজভী বলেন, “বৃহস্পতিবার রাতে হাসপাতালের ক্যান্টিনে খাবার খেতে গেলে ক্যান্টিন মালিকের ছেলে সবুজ পঞ্চম বর্ষের ছাত্র ও ছাত্র কল্যাণ পরিষদের জিএস আনিছুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করে। এ সময় প্রতিবাদ জানালে সবুজ আমাকে লাঞ্ছিত করে।”

তবে ক্যান্টিন স্টাফ মিজানুর রহমান পাল্টা অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকরা ক্যান্টিন মালিকের ছেলে সবুজকে মারধর করেছেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক মুহাম্মদ কামরুল হাসান সেলিম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কাছ থেকে লিখিত চিঠি পাওয়া গেছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।