কুয়েটে পিটুনিতে যুবক নিহত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি হলে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রশীদ হলে ল্যাপটপ চুরির অভিযোগে বহিরাগত মহিদুলকে (২২) পিটিয়ে হত্যা করা হয়।
মহিদুল আটরা গিলাতলা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
খানজাহান আলী থানার ওসি মো. শহীদুল হক জানান, কুয়েটের রশীদ হলের ১০৩ নম্বর কক্ষের এক আবাসিক ছাত্রের ল্যাপটপ চুরি করতে গিয়ে ধরা পড়ে মহিদুল।
“পরে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে বেধড়ক মারপিট করে।”
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করবে বলেও জানান ওসি।
