২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৩ বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত

প্রাথমিক বাছাই পরীক্ষার খাতা মূল্যায়ন করা শেষ না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার দুপুরে কলা অনুষদের ডিন আব্দুল হাই তালুকদার এ তথ্য জানান।

২৭ জানুয়ারি এ অনুষদের ‘এ’ ইউনিটের বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ে আরো চার জনকে আটক করা হয়েছে। এ নিয়ে এবারের পরীক্ষায় নয় জনকে আটক করা হলো।

হরতাল-অবরোধে ৫ দফা পেছানোর পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

ভর্তি পরীক্ষা স্থগিত

কলা অনুষদের ডিন আব্দুল হাই তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যান্ত্রিক ত্রুটি থাকার কারণে ওএমআর(অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে বাছাই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা সম্ভব হয়নি।

ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শনিবার ফলাফল ঘোষণার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। এ কারণে ভর্তি পরীক্ষা পেছানো হলো।

তবে, পরীক্ষা কবে নেয়া হবে তা তিনি জানাতে পারেননি।

অসদুপায় অবলম্বনে আটক ৪

একজনের বদলে আরেকজন পরীক্ষা দেয়া এবং পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। এছাড়া শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করায় দুই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আটকরা হলেন-রশ্মি আক্তার, রিপন হোসেন, শামিম আহমেদ ও কাদির কল্লোল এবং বহিষ্কৃত হন-আব্দুল বারী ও মোরশেদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, শনিবার সকালে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের বিজোর ক্রমিক নম্বরধারীদের ভর্তি পরীক্ষা চলাকালে দুজনকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্য মতে বেলা ১টার দিকে কাজলা থেকে আরো দুজনকে আটক করে পুলিশ।

এছাড়া পরীক্ষা চলাকালে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে অন্য দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, বলেন প্রক্টর।

আটকদের মধ্যে রশ্মি ও রিপনের বাড়ি ঝিনাইদহে। শামিম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘যন্ত্রকৌশল’ বিভাগের ছাত্র। আর কাদিরের বাড়ি দিনাজপুর।

প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজমুন নাহার প্রীতি নামে একজনের পরিবর্তে পরীক্ষা দেয়ায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২৩৪ নম্বর কক্ষ থেকে আটক করা হয় রিপনকে। এ সময় একই ভবনের ৪১২ নং কক্ষ থেকে মোবাইলে উত্তর সরবারাহ করার অভিযোগে রশ্মিকে আটক করা হয়।

রিপন ও রশ্মিকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা থেকে শামিম ও কাদিরকে পুলিশ আটক করে বলেও জানান প্রক্টর।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনে একটি পরীক্ষা কক্ষে শিক্ষকের সঙ্গে অসদাচরণ এবং অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয় বারি ও মোরশেদকে।

প্রক্টর আরো বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বহিষ্কৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতির অভিযোগে ইলেকটনিক্স ডিভাইসসহ পাঁচ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরা হলেন-তরিকুল ইসলাম, আসাদুর রহমান বাপ্পী, ইফতিয়াজ আহমেদকে, বাইজিত হোসেন ও নূরজাহান আক্তার।