২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতি’, আটক বেড়ে ৫

ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচজনকে আটক করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 03:08 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

হরতাল-অবরোধে ৫ দফা পিছিয়ে এ বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের (সম্মান ) ভর্তি পরীক্ষা গত বৃহস্পতিবার শুরু হয়।

শুক্রবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের বিজোড় ক্রমিক নাম্বারধারীদের এবং দুপুরে বাণিজ্য অনুষদের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হয়।

ই-ইউনিটের পরীক্ষাকেন্দ্র থেকে তরিকুল ইসলাম, আসাদুর রহমান বাপ্পী ও ইফতিয়াজ আহমেদকে এবং ডি-ইউনিটের পরীক্ষাকেন্দ্র থেকে বাইজিত হোসেন এবং নুরজাহান আক্তারকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান মিলন বলেন, “ ই-ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবন থেকে তরিকুলকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করে প্রক্টর অফিসে আনা হয়েছে।”

একই সময় বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের ২১০ নম্বর কক্ষ থেকে বাপ্পীকে এবং তৃতীয় বিজ্ঞান ভবন থেকে ইফতিয়াজকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।

মোবাইল ফোনযুক্ত ঘড়ি হাতে পড়ে এবং কানে ব্লু-টুথ লাগিয়ে এসব পরীক্ষার্থীরা বাইরে থেকে পাঠানো উত্তর শুনে উত্তরপত্র পূরণ করছিল।

শীতের পোশাকের ভেতর ওইসব ডিভাইস লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকে।

এছাড়া দুপুরে বাণিজ্য অনুষদের ডি-ইউনিটের মমতাজ উদ্দিন কলাভবনের পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে উত্তর সংগ্রহ করায় বাইজিতকে আটক করা হয়।

বিকেল সাড়ে ৩টায় ডি-ইউনিটের জোড় ক্রমিক নাম্বরধারীদের পরীক্ষার সময় নুরজাহান আক্তার নামের অপর এক শিক্ষার্থীকে আটক করা হয়।

আটককৃতরা একটি বড় জালিয়াত চক্রের সদস্য বলে দাবি করে প্রক্টর জানান, ওই চক্রকের অন্য সদস্যদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে।

চলতি ভর্তি পরীক্ষায় বেশ কয়েকটি জালিয়াত চক্র সক্রিয় রয়েছে বলে পুলিশ ও প্রক্টর দপ্তর ধারণা করছে।

মতিহার থানার ওসি-র দায়িত্বে থাকা উপ-পরিদর্শক সামসুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি।

“ফলে তাদের আরএমপি অধ্যাদেশ অনুযায়ী আদালতে চালান করা হতে পারে।”

পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত থেকে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র এ ক্যাম্পাসে অবস্থান করছে।

এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একইভাবে জালিয়াতির চেষ্টা চালিয়েছিল বলে জানান তিনি।

এ জালিয়াতি চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, অভিযুক্ত আটক পরীক্ষার্থী আসাদুর রহমান বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বগুড়া আযিযুল হক কলেজের কথিত আরিফ নামের এক বড় ভাই পরীক্ষা চলাকালিন বাইরে থেকে উত্তর মোবাইল ডিভাইসের মাধ্যমে তার কাছে পাঠাচ্ছিল।

“সেখানে কেবলই প্রশ্নে ক্রমিক নাম্বার দিয়ে উত্তর দেয়া হচ্ছিল।”

কথিত ওই বড় ভাই প্রশ্নপত্র কোথায় পেলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

তবে বাণিজ্য অনুষদের ডিন আমজাদ হোসেনের ধারণা তার অনুষদের প্রশ্নপত্র ভর্তিপরীক্ষা শুরু আধা ঘণ্টা পর বাইরে চলে যায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও এভাবে পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয়ার ঘটনা ঘটে।