দানেশ বিশ্ববিদ্যালয় হলে হামলা, প্রক্টর অবরুদ্ধ
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) জিয়া হলে অন্তত ৩০টি কক্ষে ভাংচুর চালিয়েছে একদল যুবক, যাদেরকে শিবির সমর্থক বলে কর্তৃপক্ষ দাবি করছে।
সোমবার সন্ধ্যায় এ হামলায় হলের পাঁচ শিক্ষার্থী আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনার পর হল পরিদর্শনে গেলে প্রক্টরসহ কয়েকজন শিক্ষককে বিক্ষুব্ধ ছাত্ররা প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
প্রক্টর হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কয়েকশ জামায়াত-শিবিরের কর্মী আকষ্মিক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে জিয়া হলের প্রায় ৩০টি কক্ষ ভাংচুর করে। এতে পাঁচ ছাত্র আহত হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ পুলিশ তাদের প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনার পর তিনিসহ ছয় জন শিক্ষক ক্ষতিগ্রস্ত হল পরিদর্শনে গেলে ছাত্ররা তাদের অবরুদ্ধ করে।
“ছাত্রদের অভিযোগ- বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে,” বলেন তিনি।
পরে সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল এ হামলার কথা অস্বীকার করেছেন।
