২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি শিক্ষকদের একাংশের

সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগে নানা ঘটনার মধ্যে এবারও বিগত বছরগুলোর মতো স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার দুপুরে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্যের সঙ্গে দেখা করে দেয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান।

এই ফোরামের শিক্ষকরা ক্যাম্পাসে বিএনপি জামায়াতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।

স্মারকলিপিতে ভর্তি পরীক্ষা নিয়ে চলমান আন্দোলন, শিক্ষকদের প্রমোশন, আপগ্রেডেশন, ছুটি নিশ্চিত না হওয়াসহ নানা বিষয়ও তুলে ধরেন বিএনপি-জামায়াতপন্থী এই শিক্ষকরা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক অধ্যাপক ড. সাজেদুল করিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. আবুল কালাম আযাদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনলোজির প্রধান ড. মো. মোজাম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, পরিসংখ্যানের অধ্যাপক ড. তাজ উদ্দিন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতিতে দেশে প্রথম সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর সিদ্দান্ত নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণের পর গত তিন মাস ধরে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

গত ৩০ নভেম্বর অভিন্ন প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয় দুটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ অবস্থায় সচেতন সিলেটবাসীর ব্যানারে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের নেতাদের আন্দোলনের মুখে ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক পদত্যাগ করেন।

এরপর শিক্ষার্থীদের পাল্টা আন্দোলনের মুখে ২৭ নভেম্বর আবার একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত পরীক্ষা পদ্ধতি পুনর্বহাল করা হলে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করেন। 

ভর্তি পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।