শাহজালালে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রায় ৫০ হাজার শিক্ষার্থী।
এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হওয়ায় উদ্বেগের কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা।
শিগগিরই জটিলতা দূর করে পরীক্ষার তারিখ ঘোষণার ব্যাপারে আশাবাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আলাপ-আলোচনার মাধ্যমেই পরীক্ষা পদ্ধতি ও তারিখ নির্ধারিত হবে।”
উপাচার্য বলেন, গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ৩০ নভেম্বরের সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একাংশের অসন্তোষের প্রেক্ষাপটে ‘উদ্ভূত পরিস্থিতিতে’ পরদিন আবার একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়।
“ওই বৈঠকে ৩০ নভেম্বরের পরীক্ষা স্থগিত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমন্বিত পরীক্ষা পদ্ধতি নিয়ে এগোনোর সিদ্ধান্ত হয়।”
বর্তমানে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান উপাচার্য আমিনুল হক।
এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বিত পরীক্ষা পদ্ধতির পক্ষে-বিপক্ষে আন্দোলন চলছে সিলেট নগরীতে।
সমন্বিত ভর্তি পরীক্ষাকে ‘বৈষম্যমূলক’ আখ্যায়িত করে তা বাতিলের জন্য রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৩০ ঘণ্টা সময় বেঁধে দেয় স্থানীয় আন্দোলনকারীরা। ‘সচেতন সিলেটবাসী’ ব্যানারে বিশ্ববিদ্যালয় অভিমুখে গণপদযাত্রা করে এ সময়সীমা বেঁধে দেয় তারা।
সমন্বিত পরীক্ষা বাতিল না হলে পরীক্ষার আগের দিন অবরোধ এবং পরীক্ষার দিন হরতালেরও হুমকি দিয়েছে আন্দোলনকারীরা।
সমন্বিত ভর্তি পরীক্ষা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হতে পারে না- যুক্তি তুলে ধরে সচেতন সিলেটবাসীর ব্যানারে সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এ আন্দোলন করছে।
সচেতন সিলেটবাসীর আহ্বায়ক রেজাউল হাসান লোদী বলেন, “এ আন্দোলন কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, আবার কারো পক্ষেও নয়।
“বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো কোটা নির্ধারণও আমরা চাই না। আমরা চাই সমন্বিত ভর্তি কার্যক্রম যেন একটির সঙ্গে না হয়। হলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হবে।”
সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে রয়েছে ‘প্রগতিশীল ছাত্র-জনতা’ নামের নতুন একটি মোর্চা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বাইরে থেকে আন্দোলনসহ নানা রকম তৎপরতাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ অভিহিত করেন প্রগতিশীল ছাত্র-জনতা মোর্চার কর্মী হাসান মোরশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সমন্বিত এই ব্যবস্থায় কোনো এলাকার শিক্ষার্থীদের বঞ্চিত হওয়ার কারণ নেই। কেবল শিক্ষার্থীদের দুর্ভোগ লাগবের একটা প্রয়াসমাত্র। এর বিরোধিতা করে একটি সংগঠন আঞ্চলিকতাকে উস্কে দিচ্ছে।”
এবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে ৪৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। আর যশোরের জন্য ৫ হাজার ৮২৫ জন শিক্ষার্থী।
আর দুটি বিশ্ববিদ্যালয়েই ভর্তির আবেদন করেছে- এমন শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬১৩ জন।
এদের মধ্যে ৬ হাজার ৮১৮ জন যশোর কেন্দ্রে বসে শাহজালালে ভর্তি পরীক্ষা দিতে চান। আর সিলেট কেন্দ্রে বসে যশোরের জন্য পরীক্ষা দিতে আগ্রহী ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন বলেন, সমন্বিত পরীক্ষার মাধ্যমে ফলাফলের ভিত্তিতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মেধাতালিকা হবে। পরীক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে রেজিস্ট্রেশন করবেন, তার নাম শুধু সেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকাতেই থাকবে। আর পরীক্ষার্থী উভয় বিশ্ববিদ্যালয়ের জন্যে ফরম নিয়ে থাকেন তাহলে ফলাফলের ভিত্তিতে উভয় বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা মেধাতালিকায় তার নাম আসবে।
“তাই এক্ষেত্রে কোনো অঞ্চলের শিক্ষার্থী বা কারো বঞ্চিত হওয়ার সুযোগ নেই,” বলেন তিনি।
শিক্ষার্থীদের যাতাযায়াতের হয়রানি ও অর্থের অপচয় রোধ করার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এখনো পরীক্ষার তারিখ না হওয়ায় অনিশ্চয়তায় শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থী নাসরিন চৌধুরী বলেন, “গুচ্ছ পদ্ধতি নিয়ে পক্ষে-বিপক্ষে আন্দোলনের বলি হচ্ছি আমরা। কবে পরীক্ষা হবে তা এখন অনিশ্চিত। আমারা চাই দ্রুত সমস্যার সমাধান করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হোক।”
এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের পর অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক পদত্যাগ করেন।
এরপর শিক্ষার্থীদের পাল্টা আন্দোলনের মুখে পরদিন আবার একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা স্থগিত করে ‘আলাপ-আলোচনার’ মাধ্যমে সমন্বিত পরীক্ষা পদ্ধতি নিয়ে এগোনোর সিদ্ধান্ত আসলে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
পদত্যাগের পর জাফর ইকবাল এক খোলা চিঠিতে সিলেটের বামপন্থী রাজনৈতিক দল ও প্রগতিশীল আন্দোলনের নেতাদের সমালোচনা করেন।
জবাবে সিলেটের বাম রাজনৈতিক দল ও প্রগতিশীল আন্দোলনের নেতারা একটি যুক্ত বিবৃতি পাঠান। তাতে জাফর ইকবালের চিঠিকে ‘অসত্য ভাষণ’ এবং তার পদত্যাগকে ‘সুচুতুর নাটকীয়’ ভূমিকা বলে আখ্যায়িত করা হয়।
সিপিবির জেলা কমিটির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সমন্বিত পরীক্ষা পদ্ধতির বিরোধী নই। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতিতে পরীক্ষা হোক। কিন্তু যশোর ও শাহজালালে এ পদ্ধতিতে পরীক্ষা হলে তা সুবিবেচনাপ্রসুত নয়।”
তারা কোন কোটা দাবি করেননি জানিয়ে সিপিবির এই নেতা বলেন, “এ বিষয়ে জাফর ইকবাল যে বক্তব্য দিয়েছেন তা উদ্দেশ্যমূলক ও মিথ্যা অপপ্রচারমাত্র।”
সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন, “আমরা সাম্প্রতিক সকল কার্যক্রমে কোথাও কোনোভাবে ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হকের নাম উল্লেখ করিনি। তারা কেউই আমাদের আলোচনা বা মতবিনিময়ের বিষয়বস্তুও ছিলেন না। অথচ খোলা চিঠিতে তাদের দুজনের স্বাক্ষরিত বক্তব্যে আমাদেরকে লক্ষ্য করে যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন তা সত্য নয়।”
বামপন্থী দলগুলোর নেতাদের এ বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি মুহম্মদ জাফর ইকবাল।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, “বলা হচ্ছে পরীক্ষামূলকভাবে সমন্বিত ভর্তি পদ্ধতি চালু করতে শাহজালাল ও যশোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বিত পরীক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে। কিন্তু এ পদ্ধতি তো নতুন নয় ইতিপূর্বে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রমে এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
“বিশ্ববিদ্যালয়ের র্যাকিং অনুযায়ী যশোরের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তুলনা চলে না। এ পদ্ধতিতে যদি করতেই হয় কেন অন্যান্য সমমানের বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিত পরীক্ষা চালু করা হলো না।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পরীক্ষা হলে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে বলেও মনে করেন তিনি।
তবে কিভাবে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হবে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি আন্দোলনকারীরা।
