২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রদের বিক্ষোভে পুলিশের রাবার বুলেট

সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়েছে পুলিশ। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 06:50 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ও কাজলা ফটকে এই ঘটনা ঘটে।

মতিহার থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে তাদের নিবৃত্ত করতে ফাঁকা গুলিবর্ষণ ও রাবার বুলেট ছোড়া হয়।”

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লোহার রিকসার কাঠামো ভেঙ্গে পড়লে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা জাহানের মাথার ওপর দিয়ে অটোরিকসা চলে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুমী আক্তার নামে চারুকলা বিভাগের আরেক শিক্ষার্থী আহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে সাবরিনার সহপাঠীরাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী কাজলা ফটক ও বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আহতদের মধ্যে সাবরিনার সহপাঠী সমাজবিজ্ঞান বিভাগের মনজুর আলী মোহন, শাহরিয়ার ইমরুল, ইশতিয়াক আহমেদ, সাজ্জাদ হোসেন ও শাফিউল ইসলাম রয়েছেন।

আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু এবং বিক্ষোভে পুলিশের রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদে শনিবার সকাল ১০টার দিকে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট নিক্ষেপের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “এ ঘটনা কাম্য নয়। যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”