২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে বসেছে শাবি অ্যাকাডেমিক কাউন্সিল

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমীন হকের পদত্যাগের পর ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বৈঠকে বসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

এদিকে জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হকের পদত্যাগ পত্র প্রত্যাহার এবং সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের বাইরে বিক্ষোভ করছেন ছাত্র-ছাত্রীরা।

বুধবার বেলা ১১টায় বৈঠক শুরুর আগে উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বৈঠকে বসছি, সমন্বিত পরীক্ষা পদ্ধতি বিষয়ে সিদ্ধান্ত হবে।”    

পদত্যাগ পত্র প্রত্যাহার না করলেও দুই শিক্ষক জানিয়েছেন তারা বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে প্রথমবারের মতো এক প্রশ্নে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় শাহজালাল ও যশোর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩০ নভেম্বর এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই সিলেটে ‘সমন্বিত পরীক্ষার’ বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

আন্দোলনকারীদের আশঙ্কা, একসঙ্গে পরীক্ষা হলে সিলেটের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে। পাশাপাশি সিলেটের শিক্ষার্থীদের জন্য কোটাও দাবি করেন তারা।

এই প্রেক্ষিতে মঙ্গলবার অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক থেকে ভর্তি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের  অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ইয়াসমীন হক।

পদত্যাগের খবর জানার পরপরই বিশ্ববিদ্যালয়ের হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে দুই শিক্ষকের সিদ্ধান্ত বদলানোর দাবি জানাতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষকও উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে দেখা করে এর বিহিত করার দাবি জানান। 

রাতেই দুই জনের সঙ্গে বৈঠক করে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান উপাচার্য।

বৈঠক থেকে বের হয়ে মঙ্গলবার রাত ১০টায় অধ্যাপক ইয়াসমীন বলেন, “অনেক রিকোয়েস্ট এসেছে, উপাচার্যও বলেছেন। শিক্ষার্থীরাও যে আবেগ দেখিয়েছে তা আমরা আগে ভাবিনি। পদত্যাগপত্র এখনো প্রত্যাহার করিনি। কাল পর্যন্ত ভেবে দেখি।”

জনপ্রিয় লেখক জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। আর তার স্ত্রী ইয়াসমীন হক  বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্কুলের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ প্রতিনিধিত্ব করে আসছেন জাফর ও ইয়সমীন।

পুরনো খবর:

সময় নিলেন জাফর ইকবাল