খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ
এক সহপাঠীকে মারধরকারীদের গ্রেপ্তারের দাবিতে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খবি) শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর জিরো পয়েন্টে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে এসে আবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেয় তারা।
রোববার বিকালে খুলনা শহরের একটি রেস্টুরেন্টে এক মেয়েকে উত্ত্যক্তে বাধা দেয়ায় বায়োটেকনিক্যাল ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র জাবির হুসনাইন সানিবকে মারধর করে মামুন ও জিসান নামের দুই যুবক।
প্রতিবাদে রাতেই বিক্ষুব্ধ ছাত্ররা প্রায় দুই ঘণ্টা নিরালা মোড়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখে।
ওই ঘটনার জন্য দায়ী ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সময় বেঁধে দেয় তারা।
এদিকে রোববার রাত ১২টার দিকে অভিযুক্ত দুই যুবকের (মামুন, জিসান) নামে মামলা করেন খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টিপু সুলতান। তবে সোমবার রাত পর্যন্ত আসামিরা গ্রেপ্তার হয়নি।
খুবির ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক অনির্বাণ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কাজ করেছে। এর পরেও কিছু শিক্ষার্থী আন্দোলন করছে।
তবে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সদর থানার ওসি সাহাবুদ্দিন আজাদ, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
