২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ২২ নভেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২ নভেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 09:44 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

ওইদিন ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি একবার পরিবর্তনের দুঘণ্টার মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যম কার্যালয়গুলোতে ফোন করে স্থগিতের এই সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের কারণে আগামী রোববারের পরীক্ষা পিছিয়ে সোমবার এবং সোমবারের পরীক্ষাগুলো ২২ নভেম্বর (শুক্রবার) নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। 

“কিন্তু ২২ নভেম্বর ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।”

এই দুই ইউনিটের পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে পরে জানানো হবে বলে জানান রেজিস্ট্রার।

এর আগে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা পিছিয়ে পরদিন সোমবার একই সময়ে এবং সোমবারের পরীক্ষা ২২ নভেম্বর হওয়ার কথা জানায়।

পরিবর্তিত সময় অনুযায়ী সোমবার সকালে ‘সি-১’ ও বিকালে ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিরোধী দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার সকালে নগরীর এনায়েত বাজার মোড় থেকে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্করকে।

এর প্রতিবাদে রোববার চট্টগ্রাম নগরীতে সকাল সন্ধ্যা হরতাল ডাকে নগর বিএনপি।

পুরনো খবর:

চবির ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন