ক্যাডেট কলেজ: দুই জন বাদে সবাই জিপিএ-৫
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে দুইজন ছাড়া সবাই জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে শতভাগ।
মোট ছয়শ’ ১০ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছিল।
এ বছর সবগুলো বোর্ডে সার্বিক পাসের হার ৮৯ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ২২৬ জন। ফল পর্যালোচনায় দেখা যায়, গত পাঁচ বছরের ব্যবধানে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে ১৮ দশমিক ১৪ শতাংশ পয়েন্ট।
ঝিনাইদহ ও পাবনা ক্যাডেট কলেজের একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। অন্য ক্যাডেট কলেজগুলোর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার সমান, শতভাগ।
ফলাফলের দিক দিয়ে সিলেট ও বরিশাল বোর্ডে প্রথম স্থান পেয়েছে সিলেট ও বরিশাল ক্যাডেট কলেজ। রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থানে আছে জয়পুরহাট ক্যাডেট কলেজ।
এ ছাড়া ফৌজদারহাট, ঝিনাইদহ, রংপুর, কুমিল্লা ও ফেনী গার্লস কলেজ নিজেদের বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে।
