২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতে হাতে নতুন বই, স্কুলে স্কুলে উৎসব

দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েই পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 09:59 AM

বছরের প্রথম দিনই হাতে নতুন ক্লাসের নতুন বই পেয়ে গেছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।

রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে ‘পাঠ্যপুস্তক’ উৎসবের মাধ্যমে রাজধানীর চারটি বিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেয়া হয় নতুন বই।

শুধু এই চার বিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, মঙ্গলবার দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েই পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। রঙিন বই হাতে পেয়ে আনন্দ আর উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা।

এ বছর প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করছে সরকার। এছাড়া আরো পাঁচ শতাংশ অতিরিক্ত বই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গুদামে মজুদ রাখা হয়েছে।

পাঠ্যপুস্তক উৎসবের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অন্য অতিথিরা কলেজ প্রাঙ্গনে আসার সঙ্গে সঙ্গে স্কাউটের একটি সুসজ্জিত বাদক দল তাদের নিয়ে যায় জাতীয় পতাকার রঙে সাজানো মূল মঞ্চে। অতিথিদের পরিয়ে দেয়া হয় লাল-সবুজ কাপড়ের উত্তরীয়। এ সময় মঞ্চের সামনে বসা শিক্ষার্থীদের হর্ষধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে যায় উৎসবের ‘আনুষ্ঠানিক যাত্রা’।

দৃষ্টিনন্দন লাল-সবুজ মঞ্চের সামনে বসে থাকা কয়েক হাজার শিক্ষার্থীর হাতে এ সময় দেখা যায় নতুন রঙিন বই। তাদের বাম হাতের কব্জিতে বাধা ছিল সুবজ ফিতা, ডান হাতে ছোট্ট লাল পতাকা। এই পতাকা তুলে ধরে থেকে থেকে উচ্ছ্বাসে ফেটে পড়ছিল তারা।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যের শুরুতে বলেন, “আমি খুব ভালো করেই বুঝতে পারি আজ সকালে ছিল শীত শীত। আর এখন গরম গরম। উৎসব করলে এমন গরমই থাকা যায়।”

শিক্ষর্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগে বই কিনতেই কয়েক মাস চলে গেলেও এখন বছরের প্রথম দিনই সব শিক্ষার্থী নতুন বই পাচ্ছে।

‘আগামীর’ বাংলাদেশ গড়তে এসব শিক্ষার্থীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “আমরা যা করে দেখাতে পারিনি তোমাদের তা করে দেখাতে হবে। তোমরা কি প্রস্তুত?”

মন্ত্রীর প্রশ্ন শেষ হতেই গগণবিদারী চিৎকারের মধ্য দিয়ে হাজার কণ্ঠের জবাব এলো ‘হ্যা’।

কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন মন্ত্রী। পরে শিক্ষর্থীদের সঙ্গে ছবিও তোলেন।

‘পাঠ্যপুস্তক উৎসব দিবসের কবিতা’ পড়ে শোনান শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। যিনি কামাল চৌধুরী নামে লেখালেখি করেন।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় গুলশানের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব এম এম নিয়াজউদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সকাল ১১টায় মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বিতরণের বই তুলে দেন।

তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বছরের শুরুতেই তাদের হাতে নতুন বই তুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।”

এছাড়া গাজীপুরের টঙ্গীর আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরের চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌচাকের মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়াকৈরের কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দেন আফছারুল আমীন ও মোতাহার হোসেন।

নতুন বই পেয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদমান সাকির বলেন, “বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুবই ভাল লাগছে।”

নতুন বই হাতে বন্ধুদের নিয়ে মোবাইল ফোনে অনেকগুলো ছবি তোলে একই ক্লাসের শরিফুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, “নতুন বইগুলো নতুন রাখতে চাই। তাই আজই সবগুলো বইয়ে মলাটে দেব।”

লাল ফ্রেম কাগজ দিয়ে নতুন বইয়ে মলাট দেবে ষষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থী শেখ হামিদও। তার ছোট্ট কথা, “বইয়ে মলাট না দিলে কি বই ভালো থাকে?”

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবের মূল অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মোসলেহ উদ্দিন ভূঞা বক্তব্য দেন।

২০১০, ২০১১ ও ২০১২ সালে মোট প্রায় ৬৫ কোটি বই বিতরণ করছে ক্ষমতাসীন মহাজোট সরকার। ২০১৩ শিক্ষার্ষের নতুন বই নিয়ে মোট ৯২ কোটি বই বিতরণ করা হচ্ছে।