২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেবল নাম নয়, একটি ইতিহাস’

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৭২ বছরে পদার্পণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৭২ বছরে পদার্পণ।

কলেজের সাবেক শিক্ষার্থী ও আইনমন্ত্রী শফিক আহমেদ মঙ্গলবার সকালে বেলুন আর পায়রা উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তিন পর্বের এ আয়োজনের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়। কলেজের খেলার মাঠে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করেন শফিক আহমেদ।

“আমি যখন এই কলেজে ভর্তি হই, তখন এটি ছিল সিদ্দিক বাজারে। সে সময় এখানে ছিল ধানক্ষেত। সেই ধানক্ষেতেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরে কলেজ এখান চলে আসে।”

শফিক আহমেদ ঢাকা কলেজে ভর্তি হন ১৯৫৩ সালে।

উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে একাত্তরের অপরাধীদের বিচার করছি। এই বিচার বাধাগ্রস্ত করতে একদল লোক অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করছে। এদের বিরুদ্ধে দেশব্যাপী ঘৃণা সৃষ্টি করতে হবে। আর এ কাজে এগিয়ে আসতে হবে শিক্ষকদেরই।”

একটি অসাম্ú্রদায়িক সমাজ প্রতিষ্ঠার উপযোগী করে শিক্ষার্থীদের মন-মানসিকতা তৈরির ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম বলেন, “ঢাকা কলেজ শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। আগে ঢাকা কলেজের ঐতিহ্য অনেক সমৃদ্ধ ছিল। সেই ঐতিহ্য আজ অনেকটাই ম্লান। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রার্থনা- নতুন ঐতিহ্য গড়ার চেতনায় উদ্দীপ্ত হোক সবাই।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে আলোচনা সভা এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়। আলোচনা শেষে সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিএনসিসির প্যারেড পরিদর্শন করেন আইনমন্ত্রী। এরপর উদ্বোধনী মঞ্চে ফিরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

একই সঙ্গে কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ আয়েশা বেগম। অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন কলেজের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান ও নুরুন নবী।

উদ্বোধনী অনুষ্ঠানটি হয় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। আর দ্বিতীয় ও তৃতীয় পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দিন খান মিলনায়তনে।

মিলনায়তনের বাইরে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ঢাকা কলেজের প্রথম প্রশ্নপত্র ছাপানোর কাজে ব্যবহার করা সাইক্লোস্টাইল মেশিন, একটি টাইপ মেশিন, পুরাতন বিভিন্ন বই ও রেজিস্ট্রার, স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী আট শিক্ষার্থীর ছবি, বিভিন্ন পুরাতন ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

স্কুল হিসাবে যাত্রা শুরুর পর ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ। বর্তমানে এইচএসসি এবং ২১টি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় বিশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে।

প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদ, একুশের অমর গান আমার ভাইয়ের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমসহ বহু বিখ্যাত ব্যক্তি এই কলেজের ছাত্র ছিলেন।

১৮৩৫ সালে ঢাকার সিভিল সার্জন ডা. জেমস টেইলর স্থানীয়দের নিয়ে একটি কমিটি করে জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় প্রতিষ্ঠা করেন ঢাকা ইংলিশ সেমিনারি স্কুল। বর্তমানে এই স্কুলটি পরিচিত ঢাকা কলেজিয়েট স্কুল নামে।

এই স্কুল প্রাঙ্গণেই ১৮৪১ সালে স্থাপিত হয় কলেজের ভিত্তিপ্রস্তর। বাঙালি হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলেও সে সময় এ দেশে থাকা আর্মেনীয় ও পর্তুগিজ নাগরিকদের সন্তানরাও এখানে ভর্তি হয়।

ঢাকা কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শুরুতে স্থানীয় জনগণের আর্থিক সহায়তায় স্কুলের কার্যক্রম চললেও উচ্চ মাধ্যমিক পর্যায় খোলার পর কলকাতার বিশপের সহায়তায় ১৯৪৬ সালে নির্মিত হয় কলেজ ভবন।

রসায়ন ও পদার্থ বিজ্ঞানের ল্যাবরেটরিগুলোর স্থান সঙ্কুলান করতে ১৮৭৩ সালে ভিক্টোরিয়া পার্কের পূর্ব পাশে একটি বড় ভবনে স্থানান্তর করা হয় কলেজের কার্যক্রম। পরে ১৯০৮ সালে এটি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নিয়ে আসা হয়। বিজ্ঞান বিভাগের জায়গা হয় বর্তমান রসায়ন ভবনে।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ঢাকা কলেজ চলে যায় পুরাতন হাই কোর্ট ভবনে। ওই ভবনেই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঢাকা কলেজের ঠিকানা হয় সিদ্দিক বাজারে। সবশেষে এ প্রতিষ্ঠান পৌঁছায় ঢাকা নিউ মার্কেটের পাশে বর্তমান স্থায়ী ঠিকানায়।