ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেয়াসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামান আনসারী বলেন, “প্রধান শিক্ষক পদকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা দিতে হবে।”
জাতীয় শিক্ষা নীতির আলোকে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা দেয়ারও দাবি জানান তিনি।
প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩০ শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক রাখার দাবি জানিয়ে এই শিক্ষক নেতা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে উপবৃত্তি দিতে হবে এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত সবার টিফিনের ব্যবস্থা করতে হবে।
দাবি আদায়ে আগামী ১১ অক্টোবর দেশের সব উপজেলায় শিক্ষক সমাবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান; ২১ অক্টোবর প্রতিটি জেলা সদরে সাংবাদিক সম্মেলন করা হবে জানান নূরুজ্জামান।
৩১ অক্টোবরের মধ্যে শিক্ষকদের এসব দাবি পূরণ না হলে ১৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লা সরকার, সহ-সভাপতি আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৩১৬ ঘ.
bdnews24