ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হবে পদ সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা।
মঙ্গলবার পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে বই, ব্যাগ, মোবাইল ফোন বা কোনো ধরনের যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
“পরীক্ষা চলারসময় কারো কাছে মোবাইল ফোনসেট পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল করা হবে। পরীক্ষার হলে এবং মূল গেটে মোবাইল ফোনের জন্য বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে। তবে পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।”
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো পীরক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
পরীক্ষা হলের গেটে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্রসহ অন্যান্য কাজগপত্র যাচাই করে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভুয়া পরীক্ষার্থী ধরতে বিশেষ অভিযান চালানো হবে।
লিখিত পরীক্ষা চলাকালে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করেছে পিএসসি, তবে তা বাধ্যতামূলক নয়।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২৮ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হন।
চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত ১ জুন ৩৩ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩৪৭ ঘ.
bdnews24